বরিশালে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট চলছে

আপডেট : ০৩ আগস্ট ২০১৫, ১২:৫৩


বরিশালে পুলিশের ব্যর্থতার অভিযোগ তুলে ডাকা জেলার অভ্যন্তরীণ ১৫ রুটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট চলছে। সোমবার সকাল থেকে সকল অভ্যন্তরীণ রুটে যান চলাচল বন্ধ রয়েছে।

জেলা বাস মালিক সমিতির সভাপতি আফতাব আহম্মেদ জানান, অটোরিকশা মালিক-শ্রমিকরা রবিবার সকাল থেকে সড়ক অবরোধ করে রাখায় বরিশাল-পয়াসার হাটসহ বিভিন্ন রুটের তাদের পরিবহন চলাচল বাধাগ্রস্ত হয়েছে। ভয়ে যাত্রীরা এ সব যানবাহনে উঠতে পারছে না। যাত্রীবাহী বাসগুলো নিরাপদে গন্তব্যে পৌঁছে দিতে ব্যর্থ হচ্ছে স্থানীয় প্রশাসন। এ কারণে আমারা বাধ্য হয়েই ধর্মঘট শুরু করেছি।
 
তিনি আরো জানান, এ বিষয়ে জেলা পুলিশ সুপার আশ্বাস দিলেও রবিবার রাতে কোন বৈঠক না হওয়ায পরিস্থিতির কোন উন্নতি হয়নি। ফলে আজ সোমবার সকাল থেকে সকল রুটে ধর্মঘট অব্যাহত রাখা হয়েছে।

এদিকে আকস্মিক এ ধর্মঘটের কারণে চরম ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা। বিশেষ করে বরিশাল-বানারীপাড়া, বরিশাল-মুলাদি, বরিশাল-গৌরনদী, আগৈলঝাড়া, পয়সার হাট ও বাকেরগঞ্জ রুটের যাত্রীরা অনেকটা জিম্মি হয়ে পড়েছেন। বিকল্প যান-বাহন না থাকায় তারা গন্তব্যে পৌঁছার কোন উপায় পাচ্ছেন না।

অন্যদিকে সকাল থেকেই গৌরনদীর-আগৈলঝাড়া উপজেলা ফিডার রোডে মহাসড়কে আগের মতো অটোটেম্পো চলাচলের দাবিতে সড়ক অবরোধ কর্মসূচি শুরু করেছে টেম্পু মালিক-শ্রমিকরা। অন্যান্য উপজেলা সড়কেও বিক্ষোভের খবর পাওয়া গেছে।