গোপালগঞ্জের টুঙ্গীপাড়া উপজেলা থেকে আবুল হোসেন শেখ (৫৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকাল ৯টার দিকে টুঙ্গীপাড়া উপজেলার শ্রীরামকান্দি মধ্যপাড়া এলাকার একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত আবুল হোসেন একই গ্রামের বাসিন্দা।
টুঙ্গীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদুল হক জানিয়েছেন, শ্রীরামকান্দি মধ্যপাড়া এলাকার একটি পুকুরে আবুল হোসনের মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি আরও জানান, এটি হত্যা না-কি অন্য কোনো কারণে তিনি মারা গেছেন তা এ মুহূর্তে বলা যাবে না। শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যাচ্ছে না। ময়নাতদন্তের পর বিষয়টি জানা যাবে।
