কুমিল্লায় যৌতুকের দাবিতে ইস্টার্ন মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী উম্মে আয়মন সুলতানা স্বর্ণার হত্যাকাণ্ডের ঘটনায় ঘাতক স্বামীসহ মামলার সকল আসামিদের অবিলম্বে গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার বেলা ১১টার দিকে জেলার বুড়িচং উপজেলার মণিপুর এলাকায় ইস্টার্ন মেডিকেল কলেজের সামনে কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীসহ নিহত স্বর্ণার বাবা ও তার স্বজনরা এ মানববন্ধনে অংশগ্রহণ নেন।
এ সময় তারা স্বর্ণার হত্যাকাণ্ডের ঘাতকদের অবিলম্বে গ্রেফতার ও ফাঁসির দাবি জানান।
উল্লেখ্য, জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল গ্রামের ডা. আবদুল খালেকের মেয়ে ও ইস্টার্ন মেডিকেল কলেজের ছাত্রী উম্মে আয়মন সুলতানা স্বর্ণাকে যৌতুকের দাবিতে গত শুক্রবার রাতে তার স্বামী একই গ্রামের নূরুল ইসলাম ওরফে নান্নু মিয়ার ছেলে জামিল হোসেন ইমন ও বাড়ির লোকজন নির্মমভাবে হত্যা করে। এ ঘটনায় তার বাবা বাদী হয়ে স্বর্ণার স্বামী ও শ্বশুরসহ ৬ জনকে আসামি করে ব্রাহ্মণপাড়া থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
