বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির দুই মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১০ আগস্ট ধার্য করেছেন আদালত।
ঢাকার বকশীবাজারে কারা অধিদফতরের প্যারেড মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ আদালতে জজ আবু আহমেদ জমাদার সোমবার এ দিন ধার্য করেন।
এর আগে জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে আদালতে উপস্থিত হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সকাল সাড়ে ৯টায় তিনি তার গুলশানের বাসা থেকে রাজধানীর বকশিবাজারে প্যারেড মাঠে বিশেষ জজ আদালতের উদ্দেশে রওনা দেন। তার উপস্থিতিতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার বাদীকে জিজ্ঞাসাবাদ করা হয়। খালেদা জিয়ার আইনজীবীরা মামলার বাদী হারুন অর রশিদকে জিজ্ঞাসাবাদ করেন।
সোমবার দুই মামলারই বাদী ও প্রথম সাক্ষী দুদকের উপ-পরিচালক হারুন-অর-রশিদকে আসামি পক্ষের অসমাপ্ত জেরা ও পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল।
