কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় শাকিল হোসেন (৪০) নামে এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে কুমিল্লা-বুড়িচং সড়কের বুড়িচং উপজেলার কালকেরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাকিল বুড়িচং উপজেলার সদরের আবদুর রশিদের ছেলে এবং উপজেলা যুবলীগ কমিটির সদস্য।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শাকিল হোসেন সোমবার সকালে বুড়িচংয়ের নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে কুমিল্লা শহরে আসছিলেন। পথিমধ্যে উপজেলার কালকেরপাড় এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা গোমতী পরিবহনের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই শাকিল হোসেন মারা যান।
বুড়িচং থানার ওসি উত্তম কুমার বড়ুয়া বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে নিহতের লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
