বিস্ফোরক আইনের মামলায় পাবনার চাটমোহর উপজেলার চেয়ারম্যান ও বিএনপি নেতা মো. হাসাদুল ইসলাম হীরাকে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠায়।
এর আগের আরেকটি মামলায় উপজেলা চেয়ারম্যান পদ থেকে হাসাদুল ইসলাম হীরাকে সাময়িক বরখাস্ত করা হয়। হাইকোর্ট তার বরখাস্তের আদেশ ৬ মাসের জন্য স্থগিত করলেও আইনি জটিলতার কারণে এখনো তিনি দায়িত্ব পাননি। এরই মধ্যে বিস্ফোরক মামলায় পুলিশ তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ৭ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার দিকে চাটমোহর পৌর শহরের বাসস্ট্যান্ড, বালিকা উচ্চ বিদ্যালয় গেট, ডিগ্রি কলেজ গেট ও অর্পন সিনেমা হল এলাকায় পরপর চারটি ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এতে বাসস্ট্যান্ড এলাকায় উপজেলার বেজপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে স্বপন আহত হন। গোটা শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে উপজেলা যুবদলের আহ্বায়ক সেলিম রেজা, ছাত্রদলের সাধারণ সম্পাদক ফারুক হোসেনসহ সাতজনকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে বিস্ফোরক উপাদানাবলী সংশোধনী ২০০২ এর ৪ (৫) ধারায় থানায় একটি মামলা হয়। মামলা নং ৪। এরপর পুলিশ প্রায় ৩ মাস পর পুলিশ চাটমোহর উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরাসহ ২২ জনের বিরুদ্ধে গত ২৮/০৪/১৫ ইং তারিখে অভিযোগপত্র দাখিল করেন।
থানার ওসি সুব্রত কুমার সরকার জানান, নাশকতার উদ্দেশেই বিস্ফোরণ ঘটানো হয়েছিল।
