‘অবৈধ রাষ্ট্রপতিরা’ অবসরভাতা পাবেন না

আপডেট : ০৩ আগস্ট ২০১৫, ২৩:৪৪
 
অবৈধ ও অসাংবিধানিকভাবে রাষ্ট্রপতির ক্ষমতাদখলকারীদের অবসরভাতাসহ অন্যান্য সুবিধা বন্ধ করার বিধান রেখে ‘রাষ্ট্রপতির অবসরভাতা, আনুতোষিক  ও অন্যান্য সুবিধা আইন, ২০১৫ ’ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
 
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের বলেন, ১৯৭৯ সালের ‘প্রেসিডেন্টস পেনশন অর্ডিনেন্স’ অনুযায়ী বাংলাদেশে রাষ্ট্রপতির পদ থেকে অবসরে যাওয়ার পর অবসরভাতা, আনুতোষিক বা অন্যান্য সুবিধার বিষয়টি নির্ধারিত হয়। ১৯৮৮ সালে অধ্যাদেশটি একবার সংশোধন করা হয়েছিল।
 
তিনি বলেন, অধ্যাদেশে ছিল, যদি কোনো রাষ্ট্রপতি নৈতিক স্খলন বা অন্য কোনো অপরাধে আদালতে দণ্ডিত হন তাহলে অবসর ভাতা পাবেন না। নতুন আইনে, অসাংবিধানিক পন্থায় অবৈধ উপায়ে রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত হয়েছেন বা হয়েছিলেন মর্মে আদালত কর্তৃক ঘোষণা হলে তিনি অবসরভাতা, আনুতোষিক ও অন্যান্য সুবিধা পাবেন না।
 
এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবার কখনো পেনশন নেয়নি। কেননা, ‘প্রেসিডেন্টস পেনশন অর্ডিনেন্স’ আইনটি ১৯৭৯ সালে পাস হয়েছিল। তবে নতুন আইন পাস হলে বঙ্গবন্ধুর উত্তরাধিকারীরা তা পাবেন।