নরসিংদী জেলা ক্যামিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি মো. সেলিমকে (৬৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার রাত ১০টার দিকে শহরের পশ্চিম ব্রাম্মন্দীস্থ বালুরচর এলাকায় নিজ বাড়ির সামনে তাকে হত্যা করা হয়। সেলিম মেডিক্যাল হলের স্বত্বাধিকারী মো. সেলিম ওষুধ ব্যবসায়ী ছিলেন। এ ঘটনায় সোমবার বিকাল পর্যন্ত কেউ গ্রেফতারও হননি।
জানা গেছে, রাত ১০ টার দিকে পশ্চিম ব্রাম্মন্দীস্থ বালুরচর এলাকায় নিজ বাড়ির সামনে ওঁৎপেতে থাকা ৭/৮ জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে মো. সেলিমকে কুপিয়ে রক্তাক্ত জখম করে রাস্তায় ফেলে যায়। পরে স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক মুমূর্ষু অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। সেখানে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় দুপুরে নিহতের দ্বিতীয় স্ত্রী আছমা আকতার বাদী হয়ে মামলা করেছেন।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আবুল কাশেম জানান, এ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
