‘হাল ছাড়বে না লিভারপুল’

আপডেট : ০৫ মার্চ ২০১৯, ২১:১৬

স্পোর্টস ডেস্ক

লিভারপুল একসময় ম্যানচেস্টার সিটি থেকে সাত পয়েন্টে এগিয়ে প্রিমিয়ার লিগের শীর্ষে থাকলেও ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি। নিয়মিত বিরতিতে পয়েন্ট হারিয়ে বর্তমানে তালিকার দুইয়ে নেমে গেছেন মোহামেদ সালাহরা। তবে দলের কোচ য়ুর্গেন ক্লপ জানালেন- এখনই রণে ভঙ্গ দেবে না তার দল, বরং শিরোপার জন্য শেষ পর্যন্ত লড়ে যাবে তারা।

সিটি রবিবার বোর্নমাউথের বিপক্ষে কষ্টার্জিত জয় নিয়ে এক ম্যাচ বেশি খেলে লিভারপুলকে টপকে তালিকার শীর্ষে উঠে গিয়েছিলো। এভারটনের বিপক্ষে জয় পেলেই নিজেদের জায়গা ফিরে পেত অল রেডরা; কিন্তু মার্সিপাড়ের ডার্বি থেকে গোলশূন্য ড্র নিয়ে ফেরে ক্লপের দল। ফলে ২৯ ম্যাচ শেষে ৭০ পয়েন্ট নিয়ে সিটি থেকে এক পয়েন্ট পিছিয়ে তালিকার দুইয়ে অবস্থান করছে তারা।

পিছিয়ে পড়েও আশা হারাচ্ছেন না ক্লপ। অনেক কিছুই ঘটা সম্ভব বলে মনে করেন তিনি। জার্মান কোচের ভাষায়, ‘আমরা ইতিবাচক আছি, কেন আমরা ইতিবাচক হবো না? এখনো অনেক ম্যাচ খেলা বাকি এবং অনেক কিছুই ঘটা সম্ভব। ছেলেদের দৃঢ়তাই আমাদেরকে এখানে এনেছে।’

শেষ চার ম্যাচের তিনটিতেই গোল করতে ব্যর্থ হয়েছিলো ক্লপের দল। তবে ম্যাচ তিনটিতে কোনো গোলও হজম করেনি তারা। ক্লপ রক্ষণাত্মক দিকটাই বড় করে দেখলেন। তিনি বলেন, ‘আমরা এমন এক দল যাদের হারানো কঠিন, ফুটবলে এটা বেশ গুরুত্বপূর্ণ। আর কঠিন ম্যাচগুলোয়ও আমরা সুযোগ তৈরি করেছিলাম, এটাও বেশ গুরুত্ব বহন করে।’

আক্রমণভাগের ব্যর্থতায় কিছুটা আক্ষেপও ঝরে পড়লো ক্লপের কণ্ঠে, ‘তৈরি করা সুযোগগুলোকে কাজে লাগাতে হবে। বেশিরভাগ সময় এটা করতে পারলেও এভারটনে সেটা পারিনি আমরা। ফলে তালিকার চূড়ায় কিছুটা পরিবর্তন এসেছে- এখন আমরা দ্বিতীয় স্থানে আছি, ওরা শীর্ষে!’

এখানেই মৌসুমের শেষ দেখছেন না ক্লপ। তার ভাষায়, ‘এই মৌসুমটা এখানেই শেষ হয়ে যাচ্ছে না আর আমরাও হাল ছেড়ে দিইনি।’

নিজেদের পরের ম্যাচে আগামী রবিবার বার্নলিকে আতিথ্য দেবে ক্লপের দল। এর একদিন আগে ওয়াটফোর্ডের বিপক্ষে নিজেদের মাঠ ইতিহাদে খেলবে শিরোপাধারী সিটি।