গাইবান্ধার সাদুল্লাপুর ও সুন্দরগঞ্জ উপজেলায় বিদ্যুত্স্পৃষ্টে কৃষক হেসাব উদ্দিন (৪২) ও সীমা আক্তার (৪০) নামে এক গৃহবধূ মারা গেছেন।
নিহত কৃষক হেসাব উদ্দিন সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের একবারপুর গ্রামের সমশের আলীর ছেলে। গৃহবধূ সীমা আক্তার সুন্দরগঞ্জ উপজেলার ফলাগাছা মাদ্রাসাপাড়া গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী।
উপজেলার ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এস আই) মো. জালাল উদ্দিন জানান, সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের একবারপুর গ্রামে সোমবার সকালে সমশের আলীর ছেলে কৃষক হেসাব উদ্দিন বাড়ি থেকে বের হয়ে ধানের জমিতে কাজ করতে গেলে ঝড়ে ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে তার পা জড়িয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সুন্দরগঞ্জ থানার ওসি মোজাম্মেল হোসেন জানান, অপরদিকে সুন্দরগঞ্জ উপজেলার ফলাগাছা মাদ্রাসাপাড়া গ্রামের রফিকুলের স্ত্রী সীমা আক্তার (৪০) গত রবিবার রাতে নিজ বাড়িতে টেলিভিশনে বিদ্যুত্ লাইন সংযোগ দিতে গিয়ে অসাবধানতাবশতঃ বিদ্যুত্ স্পৃষ্ট হয়ে গুরুতর অসুস্থ হন। আশংকাজনক অবস্থায় তাকে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে তিনি মারা যান।
