স্পোর্টস ডেস্ক
লিওনেল মেসির আর্জেন্টিনা দলে ফেরা নিয়ে নেতিবাচক মনোভাব পোষণ করছে তার ক্লাব দল বার্সেলোনা। মূলত ফিটনেস সমস্যার কারণেই এ মাসের শেষদিকে অনুষ্ঠেয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মেসির অংশগ্রহণ চায় না দলটি।
বিশ্বকাপ-ব্যর্থতার পর থেকেই জাতীয় দল থেকে সাময়িক অবসরে আছেন মেসি। গুঞ্জন শোনা যাচ্ছিলো- এ বছর কোপা আমেরিকাকে সামনে রেখে মার্চে দুইটি প্রীতি ম্যাচের একটি দিয়ে আর্জেন্টিনা দলে ফিরবেন দেশটির সর্বোচ্চ গোলদাতা। প্রীতি ম্যাচ দুইটির প্রথমটি হবে ভেনেজুয়েলার বিপক্ষে স্পেনের মাটিতে। ধারণা করা হচ্ছে সেটিতেই মেসিকে দেখা যাবে আকাশী-সাদা জার্সিতে। তবে খেলাধুলা বিষয়ক আর্জেন্টাইন দৈনিক পত্রিকা মুন্ডো আলবিসেলেস্তে জানাচ্ছে বার্সেলোনা ম্যাচ দুইটি থেকে মেসিকে বিরত রাখার সর্বোচ্চ চেষ্টাই করছে।
ক্লাব ফুটবলের সবচেয়ে কঠিন সময়টা শুরু হয় মার্চের পর থেকেই। বিগত তিন মৌসুমে অবসাদের কাছে হেরে মৌসুমের শেষার্ধে ভুগেছিল বার্সা। এবার তাই কোচ আর্নেস্তো ভালভার্দে দলকে চোট-অবসাদ মুক্ত রাখার সম্পূর্ণ চেষ্টাই করছেন। যারই ফলশ্রুতিতে মেসির আর্জেন্টিনা প্রত্যাবর্তনকে মৌসুমের শেষ পর্যন্ত পিছিয়ে দেওয়ার সর্বাত্মক চেষ্টা করছে ক্লাবটি।
