কাতারে টি-২০ লিগ আয়োজন করতে যাচ্ছে পিসিবি

আপডেট : ০৩ আগস্ট ২০১৫, ২১:৪৯
টি-২০ লিগ আয়োজনে শেষ পর্যন্ত কাতারের দ্বারস্থ হতে যাচ্ছে পাকিস্তান। ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য নিজস্ব এ ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-২০ লীগ দোহায় আয়োজন করতে চায় বলে কাতারের কাছে প্রস্তাব দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ইএসপিএনক্রিকইনফো প্রকাশিত খবরে এ কথা বলা হয়েছে।
 
২০০৯ সাল থেকে নিজ ভেন্যু বনে যাওয়া সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তান সুপার লীগ (পিএসএল) আয়োজন করা হবে বলে প্রথম ঘোষণা দিয়েছিল পিসিবি।
 
প্রকাশিত রিপোর্টে বলা হয়, এমিরেটস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সঙ্গে আলোচনা ব্যর্থ হওয়ার পর কেবলমাত্র দেশের ক্রিকেট স্টেডিয়ামগুলোকে সংস্কারের কথা জানিয়ে কাতার অলিম্পিক এসোসিয়েশনের মাধ্যমে একটি আনুষ্ঠানিক প্রস্তাব দিতে যাচ্ছে পিসিবি। প্রথমবারের মত অনুষ্ঠিতব্য টুর্নামেন্টের বিকল্প ভেন্যু হিসেবে দোহায় যাওয়ার আগে পিসিবি আরো এক মাস অপেক্ষা করতে পারে।
 
ভারতীয় ক্রিকেট ২০০৮-০৯ সালে প্রথমবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আয়োজন করে। তাদের অনুকরণে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক পিএসএল আয়োজন করতে যায় পিসিবি। এরই মধ্যে কয়েকবার উদ্যোগ নিয়েও নিরাপত্তার কারণে তা আয়োজন করতে পারেনি পিসিবি।
 
২০০৯ সালে লাহোরে শ্রীলংকা দল বহনকারী বাসে সন্ত্রাসী হামলার পর থেকে পাকিস্তান আন্তর্জাতিক ক্রিকেট নিষিদ্ধ হলে সংযুক্ত আরব আমিরাতকেই নিজেদের দ্বিতীয় হোম ভেন্যু হিসেবে বিবেচনা করে আসছিল পাকিস্তান।
 
আগামী ফেব্রুয়ারি মাসে মাস্টার্স চ্যাম্পিয়ন্স লিগের (এমসিএল) জন্য এরই মধ্যে বুকড হয়ে গেছে উল্লেখ করে নিজেদের তিনটি মাঠ ভাড়া দিতে পিসিবি’র প্রস্তাবে অপারগতা প্রকাশ করে ইসিবি।
 
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়া খেলোয়াড়দের নিয়ে অনুষ্ঠিত হবে মাস্টার্স চ্যাম্পিয়ন্স লিগ। গত জুন মাসে বুরুজ আল আরবে যার আনুষ্ঠানিক লোগো উন্মোচিত হয়েছে। এমসিএল এরই মধ্যে ওয়াসিম আকরাম, ব্রায়ান লারা, এডাম গিলক্রিস্ট এবং জক ক্যালিসদের মত আইকন খেলোয়াড়দের চুক্তিবদ্ধ করেছে।