রাজধানীর কদমতলীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে দুই শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হচ্ছেন- ইমরান হোসেন (১৭) ও হাবীব (২০)।
হাসপাতাল সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যা ৬টার দিকে ইমরান, হাবীবসহ কয়েক বন্ধু কদমতলী থানাধীন সাদ্দাম মার্কেটের সামনে আড্ডা দিচ্ছিলেন। এসময় একই এলাকার সিনিয়র গ্রুপ হিসাবে পরিচিত বাপ্পী, রাসেল, বাঁধন ও আহম্মদসহ কয়েকজন এসে তাদের সেখান থেকে চলে যেতে বলেন। এনিয়ে বাক বিতণ্ডার এক পর্যায়ে এলোপাতাড়ি গুলি করলে ইমরানের বাম পায়ের হাঁটুর নীচে ও হাবীবের বাম গালে গুলি লাগে। আহত ইমরান মাতুয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র আর মো. হাবীব আর কে চৌধুরী ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র।
