প্রেস-কনফারেন্স নির্ভর দলটিকে নিয়ে অহেতুক সংসদে আলোচনা: সংসদে বাবলা

আপডেট : ০৫ মার্চ ২০১৯, ২১:২৫

জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা-৪ আসনের এমপি সৈয়দ আবু হোসেন বাবলা বলেছেন, জাপা চেয়ারম্যান এইচএম এরশাদ আওয়ামী লীগকে রাষ্ট্র ক্ষমতায় আনার জন্য সবসময় শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে পাশে থাকেন। সেই এরশাদকে এই সংসদে দাঁড়িয়ে সরকারি দলের কোনো কোনো সদস্য স্বৈরাচার বলে আখ্যায়িত করেন, তখন আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়।  

মঙ্গলবার সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

বাবলা বলেন, আমরা প্রায় দেখি সংসদে যে কোনো বিষয়ের ওপর আলোচনার সময় সরকারি দলের কয়েকজন সংসদ সদস্য প্রাসঙ্গিক বা অপ্রাসঙ্গিক ভাবেই একটি বিশেষ দলের নাম উচ্চারণ করে এবং সেই দলের নেতা নেত্রীর নাম নিয়ে সংসদে আলোচনা সমালোচনা করে বক্তব্য দেন। তারা এমন একটি দলের ও দলের নেতার সমালোচনা করে বক্তব্য রাখেন, যে দলটিকে এই দেশের মানুষ বারবার প্রত্যাখ্যান করছে। যে দলের নেতাদের প্রেস কনফারেন্স করা ছাড়া কোনো কাজ কর্ম নেই। অথচ সেই দল নিয়ে সংসদে আলোচনা করে, জনগণের করের টাকা অপচয় করে প্রথমত তাদের দলের প্রচারের কাজটি আমাদের সরকারি দলের কয়েকজন সংসদ সদস্য খুব ভালোভাবেই করে যাচ্ছেন। শুধু সংসদে নয়, সংসদের বাইরে বিভিন্ন সভা সমাবেশে ওই বিশেষ দলটি নিয়ে বা দলটির নেতাদের নিয়ে বক্তব্য রাখেন। 

আরও পড়ুন: ঘুষের টাকা ফেরত পেলেন চাকরিপ্রার্থী আজিজুল

তিনি আরও বলেন, বিগত পাঁচ বছরে আমাদের দায়িত্ব পালনকে পজেটিভ ভাবে নিতে পারেনি কিছু তথাকথিত সুশীল সমাজের কর্তাবাবুরা। তারা আমাদের নিয়ে সমালোচনা করে মিডিয়াতে বক্তব্য দিয়েছেন। মধ্যরাতের টক শোতে গিয়েও কতিপয় বুদ্ধিজীবী ও সাংবাদিক বন্ধুরাও আমাদের সমালোচনা করেছেন। কারণ তাদের ভাষায়, সংসদে বিরোধী দল মানে হচ্ছে জাতির পিতাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়া, সংসদ নেত্রী সর্ম্পকে আজেবাজে বক্তব্য দেওয়া, অসত্য তথ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের চৌদ্দগোষ্ঠী উদ্ধার করা, অথবা সংসদে ফাইল ছুড়াছুড়ি বা সরকারি দলের সংসদ সদস্যদের অশ্রাব্য ভাষায় গলামন্দ করা।

ইত্তেফাক/এমআই