বংশীনগর খালের সেতু ভেঙে ভোগান্তিতে ৩০ গ্রামের মানুষ!

আপডেট : ০৫ মার্চ ২০১৯, ২১:১৮

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

মির্জাপুর উপজেলার ১৩নং বাঁশতৈল ইউনিয়নের পেকুয়া-অভিরামপুর রাস্তায় বংশীনগর খালের উপর সেতুটি ভেঙে পড়েছে। এতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে তিনটি উপজেলার ৩০-৩৫টি গ্রামের মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছে।

গায়রাবেতিল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মোতালেব হোসেন জানান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আর্থিক সহযোগিতায় স্থানীয় প্রকৌশল অধিদপ্তর ৯০ দশকে ১৫ মিটার সেতুটি নির্মাণ করে। সেতুটি ভেঙে যাওয়ায় এলাকাবাসীর দুর্ভোগের শেষ নেই। দুর্গম পাহাড়ি অঞ্চল হিসেবে মির্জাপুর উপজেলা ও পার্শ্ববর্তী সখীপুর এবং কালিয়াকৈর উপজেলার ৩০-৩৫টি গ্রামের মানুষ পেকুয়া-অভিরামপুর রাস্তা দিয়ে চলাচল করে আসছে। এর আশপাশে পেকুয়া, তক্তারচালা, কাইতলা, তালতলা, গায়রাবেতিল, ইনতখাচালা, বালিয়াজান, বংশীনগর, অভিরাম, বাঁশতৈল, নয়াপাড়া, হতিয়া, রাজাবাড়ি এবং সখীপুর ও কালিয়াকৈর উপজেলার শতশত লোকজন যাতায়াত করে। বংশীনগর এলাকায় খালের উপর সেতুটি ভেঙে যাওয়ায় স্কুল-কলেজের শিক্ষার্থী ছাড়াও এলাকাবাসীর দুর্ভোগের অন্ত নেই। সেতুটি ভেঙে যাওয়ায় কয়েক মাইল ঘুরে এলাকাবাসীকে গোড়াই-সখীপুর আঞ্চলিক সড়কে ও জেলা সদর টাঙ্গাইল এবং উপজেলা সদর মির্জাপুরে যাতায়াত করতে হচ্ছে। দ্রুত মেরামত ও নতুনভাবে ব্রিজ নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছে এলাকাবাসী।

উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমান বলেন, নতুনভাবে সেতু নির্মাণের জন্য প্রয়োজনীয় বরাদ্দ চেয়ে সংশ্লিষ্ট অধিদপ্তরে পাঠানো হয়েছে।