ঝিনাইগাতী (শেরপুর) সংবাদদাতা
ঝিনাইগাতীতে ৫ একর জমির মিশ্র বাগানের গাছ কেটে দিয়েছে বন কর্মকর্তা-কর্মচারীরা। ঘটনাটি ঘটে গতকাল মঙ্গলবার ভোরে।
জানা যায়, আধিপত্য বিস্তারের ঘটনাকে কেন্দ্র করে বন কর্মচারীরা এ ঘটনা ঘটায়। উপজেলার রাংটিয়া রেঞ্জের গজনী বিটের গান্ধিগাঁও এলাকায় ৫ হেক্টর জমিতে মিশ্র বাগান গড়ে তোলা হয়। নেওয়া হয় ১৭জন অংশীদার। ওই মিশ্র বাগানের সভাপতি তছর আলীসহ অন্যরা জানায়, বাগানটি গড়ে তোলার সময় বন বিভাগ শুধু তাদের চারার ব্যবস্থা করে দেন। তারা শ্রম দিয়ে বাগানটি গড়ে তুলেছেন বলে জানান। তাদের দাবি বাগানটি উপজেলা বন উন্নয়ন কমিটির সভায় রেজুলেশনও করা হয়েছে। কিন্তু ওই বাগানের অংশীদার গজনী ফরেস্ট বিটের বন ব্যবস্থাপনা কমিটির সভাপতি দুলাল মিয়া রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে নানা অনিয়ম, অব্যবস্থাপনা ও দুর্নীতির অভিযোগ করেন সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে। এ নিয়ে রেঞ্জ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ক্ষিপ্ত হয়ে উঠে দুলালের বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার ভোরে রেঞ্জ কর্মকর্তার নেতৃত্বে বন কর্মচারীরা ওই বাগানের বিভিন্ন প্রজাতির প্রায় ১ হাজার গাছ কেটে দেয়। এতে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতিসাধন হয় বলে দাবি অংশীদারদের। কেটে দেওয়া গাছের মধ্যে রয়েছে পেয়ারা, আম, লেবু, লিচু, জলপাই, আমলকি, হরতকী, বহেরা ইত্যাদি।
এ ব্যাপারে রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। ফোনও ধরেননি তিনি।
শেরপুরের সহকারী বন সংরক্ষক ডঃ প্রাণতোষ রায়ের সাথে কথা হলে তিনি বলেন, মিশ্র বাগানে লেবু, আম, জাম নেই। তার দাবি বাগানটি দুলালের জবরদখলে ছিল। তা উদ্ধার করা হয়েছে।
