ভোলা প্রতিনিধি
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে নিয়ে উপজেলা বিএনপির সভাপতি আসিফ আলতাফের ফেসবুকে কুরুচিপূর্ণ স্ট্যাটাস দেয়ার প্রতিবাদে মঙ্গলবার ভোলায় জেলা আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।
ভোলা জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালিনাথ রায়ের বাজার মোড়ে গিয়ে শেষ হয়। পরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, জেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম নকিব, পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান ও জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব। উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশারেফ হোসেন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার প্রমুখ।
