খুলনার বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মোল্লার বিরুদ্ধে মামলা হয়েছে।
মঙ্গলবার জেলার বটিয়াঘাটা উপজেলার তেঁতুলতলা গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত আনসার সদস্য মো. বাবুল হাওলাদার জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে মামলাটি করেন।
আসামি পক্ষের আইনজীবী আলী ইমরান হোসেন লিটন জানান, আদালত মামলাটি আমলে নিয়ে তদন্ত করতে বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।
মামলার এজাহারে জানা গেছে, গত ১৫ জুলাই সকাল সাড়ে ১০টায় উপজেলার মোল্লা নগরীর লবণচরা এলাকায় সোহাগ হত্যা মামলার তদন্ত গিয়ে অবসরপ্রাপ্ত ওই আনসার সদস্যকে শারীরিকভাবে নির্যাতন করার অভিযোগে ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলাটি করা হয়।
