শিবগঞ্জে ডাকাতির অভিযোগে চোখ তুলে নিলো এলাকাবাসী

আপডেট : ০৪ আগস্ট ২০১৫, ১৯:৩৬
 
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এক ডাকাতির অভিযোগে একজনের দুই চোখ তুলে নিয়েছে এলাকাবাসী। 
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকাল তিনটার দিকে কানসাট-ভোলাহাট সড়কের কাশিয়াবাড়ি এলাকায় ডাকাতের একটি দল ডাকাতির প্রস্তুতির সময় এলাকাবাসী টের পেয়ে তাদের ধাওয়া করে। এ সময় অন্যরা পালিয়ে গেলেও আব্দুস সামাদ ওরফে ভোদু (৩৫) ডাকাতকে ধরে ফেলে গণপিটুনী দিয়ে তার দুই চোখ তুলে নেয় এলাকাবাসী। পরে খরব পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পৌছে আহত অবস্থায় ডাকাত ভোদুকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ডাকাত আব্দুস সামাদ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের আকিমুদ্দিনের ছেলে।
 
শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রবিউল ইসলাম জানান, আব্দুস সামাদের দুইটি চোখ নষ্ট হয়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।