সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিত্সা শেষে ১৬ দিন পর দেশে ফিরেছেন রেলপথমন্ত্রী মুজিবুল হক মুজিব। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
এ সময় মন্ত্রীকে এক নজর দেখার জন্য বিমানবন্দরে মন্ত্রীর সংসদীয় আসন কুমিল্লার চৌদ্দগ্রাম ছাড়াও কুমিল্লা ও দেশের বিভিন্ন স্থান থেকে দলীয় নেতা-কর্মী, শুভাকাংখীরা বিমানবন্দরে সমবেত হয়। এর আগে সিঙ্গাপুর সময় বেলা ৩টা ৫০ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ১টা ৫০ মি.) চাঙ্গী বিমানবন্দর থেকে মন্ত্রী বাংলাদেশের উদ্দেশ্যে রওয়ানা করেন। মন্ত্রীর মিডিয়া কর্মকর্তা এস.এন ইউসুফ এসব তথ্য জানিয়েছেন।
গত ১৬ জুলাই দুপুরে রেলপথমন্ত্রী মুজিবুল হক এমপি ঢাকা থেকে কুমিল্লায় পৌঁছে হঠাত্ অসুস্থ হয়ে পড়েন। তাত্ক্ষণিকভাবে তাঁকে নগরীর একটি প্রাইভেট হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিত্সার পর গভীর রাতে তাঁকে অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে ভর্তি করা হয়। ওই হাসপাতালের ডাক্তারের পরামর্শে ১৯ জুলাই (ঈদের দিন) ভোরে এয়ার অ্যাম্বুলেন্সযোগে মন্ত্রীকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়।
