জয়পুরহাটে ‘বন্দুকযুদ্ধে’ গুলিবিদ্ধ ১

আপডেট : ০৫ আগস্ট ২০১৫, ১১:৪৯
 
জয়পুরহাটের পাঁচবিবিতে পুলিশের সঙ্গে মাদকব্যবসায়ীদের ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটেছে। এসময় একজনকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করা হয়েছে। এছাড়া আরো চার পুলিশ সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত সোয়া একটার দিকে এই ঘটনা ঘটে।
 
গুলিবিদ্ধ সজল বিশ্বাস (৩৫) জয়পুরহাট সদর উপজেলার বিশ্বাস পাড়া গ্রামের মৃত আক্কাছ বিশ্বাসের ছেলে। তিনি একজন মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ।
 
আহতরা পুলিশ সদস্যরা হলেন- এসআই জিল্লুর রহমান, আমিনুর রহমান, এএসআই আবু জাফর মোঃ সালেহ ও সিপাহী সাজু ইসলাম।
 
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সজল বিশ্বাসকে গ্রেফতার করা হয়। পরে রাতে সজলকে নিয়ে মাদকদ্রব্য উদ্ধারে পাঁচবিবি-হিলি সড়কের চম্পাতলী পুলিশ বক্সের পশ্চিমে নদীর ধারে যায়। ৪০/৪৫জন মাদক ব্যবসায়ী আসামি সজল বিশ্বাসকে ছিনিয়ে নেয়ার জন্য পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। দুইপক্ষের বন্দুকযুদ্ধে সজল বিশ্বাসের দুই হাঁটুতে গুলি লাগে। এসময় চারজন পুলিশ সদস্য আহত হন। তাদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়াও গুলিবিদ্ধ সজল বিশ্বাসকে জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ঘটনার নিশ্চিত করে জানান, জয়পুরহাট সদর থানায় আসামি সজলের বিরুদ্ধে ১১টি মামলা রয়েছে।