ফরিদপুরের সদর উপজেলায় হ্যাপী আক্তার (১৮) নামের ছয় মাসের অন্তঃসত্তা এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। বুধবার সকালে উপজেলার ঈশানগোপালপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের স্বামীর বাড়ি থেকে গলায় ফাঁস দেয়া অবস্থায় হ্যাপীর লাশ উদ্ধার করেছে।
হ্যাপীর স্বামীর বাড়ির লোকজনের দাবি, সে আত্মহত্যা করেছে।
তবে নিহত হ্যাপীর বাবা মো. হুমায়ুন শেখ দাবি করেন, তার মেয়েকে হত্যা করা হয়েছে।
তিনি জানান, আটমাস আগে হ্যাপী একই গ্রামের লুৎফর ব্যপারীর ছেলে রাকিব ব্যাপারীকে (২৫) ভালবেসে বিয়ে করে। এরপর থেকে হ্যাপীর সাথে তার (পিতার) পরিবারের যোগাযোগ বন্ধ ছিল। বুধবার সকালে রাকিবের পরিবারের পক্ষ থেকে ফোনে দিয়ে হ্যাপী আত্মহত্যা করেছে বলে জানানো হয়।
হ্যাপীকে বিভিন্ন সময় নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করে হ্যাপীর বাবা বলেন, হ্যাপীকে হত্যা করা হয়েছে। সে আত্মহত্যা করার মত মেয়ে ছিল না।
এ প্রসঙ্গে কোতয়ালী থানার পুলিশ উপ-পরিদর্শক মিরাজুর রহমান বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর ব্যবস্থা নেয়া হবে।
