‘অটোরিকশার বিষয়ে কোনো আপস নয়’

আপডেট : ০৫ আগস্ট ২০১৫, ১৭:১৪
 
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মহাসড়কে অটোরিকশা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে কোনো ধরনের আপস করা হবে না। তবে মহাসড়ক চার লেনে উন্নীত করলে ছোট যানবাহনের জন্য আলাদা রাস্তা করা হবে। বুধবার চট্টগ্রামের একটি রেস্তোরাঁয় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
 
ওবায়দুল কাদের বলেন, মহাসড়কে এই মুহূর্তে অটোরিকশা চলবে না। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বড় রাস্তাগুলোর পাশে একটা লেনের জায়গা রাখতে। ভবিষ্যতে যে রাস্তা হবে সেখানে বাইলেন থাকবে।
 
তিনি বলেন, দেশে তিন হাজার কিলোমিটার মহাসড়ক রয়েছে। সেখানে অটোরিকশা চলাচল না করলেও দেশে আরো আড়াই লাখ কিলোমিটার রাস্তা আছে, যেখানে অটোরিকশা চলাচল করতে পারবে।
 
আবাহনীর প্রতিষ্ঠাতা শেখ কামালের জন্মদিন উপলক্ষে চট্টগ্রাম আবাহনী লিমিটেড ও আবাহনী সমর্থক গোষ্ঠী অনুষ্ঠানটির আয়োজন করে।