বরগুনার তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের আমখোলা গ্রামে মাছ চুরির অভিযোগে মঙ্গলবার রবিউল আউয়াল নামের (১১) এক শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শাবলের আঘাতে শিশুটির বাম চোখ কোটরে ঢুকে গেছে। বুধবার দুপরে শিশুটির বাবা বাদী হয়ে তালতলী থানায় হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় প্রধান আসামী মীরাজকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।
রবিউল আউয়াল তালতলী ফরাজি বাড়ি দাখিল মাদ্রাসার চতুর্থ শ্রেণির ছাত্র। তার বাবার নাম দুলাল মৃধা। মঙ্গলবার বিকেলে আমখোলা গ্রামের খালপাড় থেকে রবিউলের লাশ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
রবিউলের বাবা দুলাল মৃধা জানান, বাড়ির পাশের লুতরার খালে জাল পেতে মাছ ধরে তাদের প্রতিবেশী মিরাজ। গত দু’দিন আগে তার জালের মাছ চুরি হওয়ায় রবিউলকে সন্দেহ করে সে। এ ঘটনার পর মঙ্গলবার বিকেলে সোহাগ নামের অপর এক কিশোর আমখোলা গ্রামের খালপাড়ে রবিউলের লাশ পড়ে থাকতে দেখে তার স্বজনদের খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে।
তালতলী থানার ওসি বাবুল আকতার জানান, মঙ্গলবার লাশ উদ্ধার করলেও মামলা হয়েছে বুধবার দুপুরে। তাৎক্ষনিকভাবে অভিযান চালিয়ে মূল আসামী মিরাজকে গ্রেফতার করা হয়েছে।
