ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড তারকা স্ট্রাইকার গ্যারেথ বেলকে দলে ভেড়ানোর জন্য চেষ্টায় থাকলেও ওয়েলশ ম্যান জানিয়েছেন—তিনি বর্তমান ক্লাব রিয়াল মাদ্রিদেই বেশ সুখে আছেন। গণমাধ্যমের খবর, দীর্ঘদিন ধরেই বেলের ওপর নজর রাখছে ম্যান ইউ। এমনকি তারকা এই স্ট্রাইকারটিতে দলভুক্ত করতে রেকর্ড অর্থের চুক্তিটা ভাঙ্গতে রাজি রেড ডেভিলস শিবির।
সম্প্রতি ম্যান ইউ’র আর্জেন্টাইন প্লে-মেকার অ্যাঞ্জেল ডি মারিয়া প্যারি সেইন-জার্মেইনে নাম লেখালে বেল নিয়ে আরো আগ্রহী হয়ে ওঠে তারা। কিন্তু ২৬ বছর বয়সী এই স্ট্রাইকার পরিষ্কার অক্ষরেই জানিয়ে দিয়েছেন—আদৌ রিয়াল ছাড়ার কোনো পরিকল্পনা তার নেই। যদিও গেলো মৌসুমে বেলের নৈপূণ্যহীন খেলার সমালোচনামুখর ছিলেন রিয়ালের ভক্তকুল এবং পণ্ডিতরা।
তবে নতুন মৌসুম শুরুর আগে নিজেকে ঝালিয়ে নেয়ার প্রমাণ দিচ্ছেন বেল। গত মঙ্গলবার জার্মানির মিউনিখে টটেনহ্যামের বিপক্ষে রিয়ালের ২-০ গোলের জয়ে একটি গোল করে অবদান রেখেছেন তিনি। খেলা শেষে জানান দলের নতুন কোচ রাফায়েল বেনিতেজের তত্ত্বাবধানে রিয়ালে থেকে যাওয়ার ইচ্ছা—‘সকল অবস্থাতেই আমি আত্মবিশ্বাসী। এরপরও কোচ এবং ক্লাব সভাপতির সমর্থন পাওয়াটা বড় কিছু। আশা করি গোল করে এবং শিরোপা জিতিয়ে এখন আমি তাদের আস্থার মূল্য দিতে পারবো।’ মাঠের সব জায়গায়ই নিজের পারদর্শিতা নিয়ে বেল আরো বলেন, ‘মধ্য মাঠে খেলার জন্য আমি কোচের সঙ্গে কথা বলেছি। তাছাড়া আমি বাম পাশ, ডান পাশ এবং মধ্য মাঠেও খেলতে সক্ষম—যেমনটা আমি টটেনহ্যামের বিপক্ষে দেখিয়েছি। ঠিক এভাবে ওয়েলশের হয়েও খেলে থাকি।’—সকারওয়ে
