নোয়াখালীর সেনবাগে অবৈধ মোটরসাইকেল আটক করায় যুবলীগের হামলায় পুলিশের তিন উপ-পরিদর্শকসহ (এসআই) ৭ পুলিশ আহত হয়েছেন।
বুধবার সন্ধ্যায় সেনবাগ উপজেলা পরিষদের গেইটে এই হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন- সেনবাগ থানার এসআই আমিনুল ইসলাম শিকদার, এসআই মাহবুবুর রহমান, এসআই নুরুল আমিন, কনষ্টেবল খালেদ, দিলীপ, তমিজ ও গাড়ি চালক মামুন রশিদ ।
এর মধ্যে গুরুতর আহতাবস্থায় এসআই মাহবুবকে (৩০) সেনবাগ সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে সেনবাগ থানার ডিউটি অফিসার সাখাওয়াত হোসেন জানান, বুধবার সন্ধ্যায় সেনবাগ পৌরশহরের থানা মোড়ে সেনবাগ থানার একদল পুলিশ অবৈধ মোটরসাইকেল বিরোধী অভিযান পরিচালনা করছিলেন। এ সময় উপজেলা যুবলীগের আহবায়ক জাকারিয়া আল মামুনের ভাগিনা আল আমিনের মোটরসাইকেলটির কাগজপত্র না থাকায় আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
পরে খবর পেয়ে যুবলীগ নেতা জাকারিয়া, পৌরযুবলীগ আহ্বায়ক রিপন, যুবলীগ নেতা তারেক, তুহিন, আলাউদ্দিন, দেলোয়ার ও সুজন এসে থানা থেকে মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে যায়। এসময় সেনবাগ থানার এসআই আমিনুল ইসলাম সিকদারের নেতৃত্বে একদল পুলিশ থানা থেকে বের হয়ে উপজেলা গেইটের সামনে পৌঁছালে যুবলীগের কর্মীরা তাদের গতি রোধ করে অতর্কিত হামলা ও কিলঘুষি মেরে তাদেরকে আহত করে।
তাৎক্ষণাত খবরটি থানায় গেলে থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ সময় হামলাকারীরা পালিয়ে যায়।
