লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবক আটক

আপডেট : ০৬ আগস্ট ২০১৫, ১১:৫৭
লক্ষ্মীপুরে অস্ত্র ও গুলিসহ মো. সেলিম (২৫) নামে এক যুবককে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার সন্ধ্যায় সাড়ে ৬টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ এলাকা থেকে তাকে আটক করা হয়।
 
আটক সেলিম নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ভগোবতী গ্রামের বাসিন্দা আবুল কাসেমের ছেলে।
 
লক্ষ্মীপুর গোয়েন্দা পুলিশ শাখার সহকারী উপ পরিদর্শক (এএসআই) রেজাউল করিম রেজা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি এলজি ও দুই রাউন্ড তাজা গুলিসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে।