বিরামপুর শহরের যমুনা নদীর পাড়ে বুধবার দিবাগত মধ্যরাতে দুর্বৃত্তরা এক বৃদ্ধকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে লাশ ফেলে গেছে।
বৃহস্পতিবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
জানা গেছে, পৌর এলাকার সারাংগপুর গ্রামের মৃত. কিয়ামদ্দিন মণ্ডলের পুত্র জসিম উদ্দিন মন্ডল (৬০) প্রতিদিনের মতো বিরামপুর বাজারে আসেন। রাতে গোহাটি মসজিদে এশার নামাজও পড়েছেন। এরপর গো-হাটি সংলগ্ন ছোট যমুনা নদী পেরিয়ে নিজ বাড়িতে যাওয়ার পথে দুর্বৃত্তরা পথ রোধ করে পিটিয়ে ও ছোরা দিয়ে কুপিয়ে হত্যা করে নদীর পশ্চিম কিনারে পানির কাছে লাশ ফেলে যায়।
বৃহস্পতিবার ভোরে লোকজন লাশ দেখে সংবাদ দিলে লাশ উদ্ধার করে পুলিশ। পরিবারের লোকজন লাশের পরিচয় নিশ্চিত করেছেন।
বিরামপুর থানার ওসি আমিরুজ্জামান জানান, এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং ময়না তদন্তের জন্য লাশ দিনাজপুর মর্গে পাঠানো হয়েছে।
