সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই বনদস্যু বাহিনীর মধ্যে “বন্দুকযুদ্ধের” ঘটনা ঘটেছৈ। তবে, এতে হতাহতের কোন খবর এখনও পাওয়া যায়নি। বুধবার গভীর রাতে পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কলাগাছি এলাকার পশুরখালের মুখে এই ঘটনা ঘটে।
স্থানীয় কয়েকজন জেলে নাম প্রকাশ না করার শর্তে জানান, বুধবার গভীর রাতে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কলাগাছি টহল ফাঁড়ি থেকে দেড় কিলোমিটার দক্ষিণে পশুরখালের মুখে বনদস্যু মুন্না বাহিনী ও জোনাব বাহিনীর মধ্য আধিপত্য বিস্তারকে কেন্দ্রে করে এই বন্দুকযুদ্ধ হয়। ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধে শতাধিক রাউন্ড গুলির শব্দ শুনতে পাওয়া গেছে। তবে, এতে হতাহতের কোন খবর তারা বলতে পারেননি।
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনা শুনে সেখানে বনপ্রহরী পাঠানো হয়েছিলে। সেখানে হতাহত কাউকে পাওয়া যায়নি।
তিনি আরো জানান, বনবিভাগ কলাগাছি ফাঁড়ি থেকে রাতে ৪০/৫০ রাউন্ড গুলির শব্দ শুনেছেন বলে অবগত করা হয়েছে।
এদিকে, শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হকের সাথে যোগাযোগ করা হলে এ ব্যাপারে কিছুই জানেন না বলে জানিয়েছেন তিনি।
