চাটমোহর মোটরসাইকেল উদ্ধার, আটক ১

আপডেট : ০৬ আগস্ট ২০১৫, ১৬:৪৮
পাবনার চাটমোহর উপজেলায় আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের এক সদস্যকে আটক করেছে পুলিশ। আটক রনির (২২) স্বীকারোক্তি অনুযায়ী জেলার ঈশ্বরদী থেকে উদ্ধার করা হয়েছে একটি মোটরসাইকেল। তিনি উপজেলার বিলচলন ইউনিয়নের দোলং গ্রামের বাসিন্দা।
 
পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে উপজেলার পৌর শহরের নারিকেলপাড়া থেকে রনিকে আটক করা হয়। উদ্ধারকৃত মোটরসাইকেলটি পৌর শহরের ছোট শালিখা মহল্লার বাসিন্দা ও আফ্রাতপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামিনুল ইসলামের। গত ৩০ জুন রাতে ওই শিক্ষকের বাড়ি থেকে মোটরসাইকেলটি চুরি হয়।
 
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত সরকার তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, খুব শীঘ্রই মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত অন্যদের আটক করা যাবে।