টেকনাফের হ্নীলায় অপহরণের ১৪ দিন পর শিশু তসলিমার (১১) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় টেকনাফের ১৪ নং ব্রীজ সংলগ্ন এলাকা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
গত ২৪ জুলাই নিখোঁজ হয় তসলিমা। ঘটনার জন্য দায়ী করা হয় তার মামা সলিমকে। সন্দেহ মতে ৪ আগস্ট রাতে সলিমকে আটক করে পুলিশে দেয়া হয়। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদের মুখে সলিমের দেয়া তথ্য অনুযায়ী তসলিমার মৃতদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত তসলিমা ও তার মামা সলিম হ্নীলা ইউনিয়নের মোচনী নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বাসিন্দা। তসলিমা শরণার্থী শিবিরের সি ব্লকের ৮৭৯ শেডের ১ ও ২নং রুমের অধিবাসী জয়নালের কন্যা আর সলিম একই ক্যাম্পে বি ব্লকের ১১৩৪নং শেডের ৩নং রুমের বসবাসকারী লাল মোহাম্মদের ছেলে।
পুলিশ জানিয়েছে, গত ২৪ জুলাই শিশুকন্যা তসলিমাকে তার মামা সলিম অপহরণ করে। ঘটনার পর থেকে দুইজনই নিখোঁজ ছিল। গত ৪ আগস্ট রাতে সলিম ক্যাম্পে আসলে স্থানীয়রা ক্যাম্প পুলিশের সহায়তায় তাকে আটক করে থানায় হস্তান্তর করে।
টেকনাফ থানার ওসি মো. আতাউর রহমান খোন্দকার জানান, সলিমকে সংশ্লিষ্ট আইনে মামলা করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
