ভারত থেকে চোরাইপথে আসার সময় বুধবার রাতে বেনাপোল সীমান্তের বড় আঁঁচড়ার আবু সামের মোড় থেকে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে এক লাখ ৫৯ হাজার ভারতীয় রুপি উদ্ধার করা হয়।
আটক ভারতীয়রা হলেন- নদীয়া জেলার চাকদহ থানার নারকেলডাঙ্গা গ্রামের ছয়রুদ্দিনের ছেলে জয়নাল মোল্লা (৪০) ও রসুলপুর গ্রামের সাহেব আলীর ছেলে রাজু মোল্লা (২০)।
২৬ বিজিবি ব্যাটালিয়ন বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের নায়েব সুবেদার জানান, ভারতীয় দুই নাগরিক অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করছেন এমন সংবাদের ভিত্তিতে বড় আঁঁচড়ার আবু সামের মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে বিজিবি। এ সময় দেহ তল্লাশি করে এক লাখ ৫৯ হাজার ভারতীয় রুপি উদ্ধার করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে মুদ্রাপাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
