চট্টগ্রামে গুদামঘর ধসে নিহত ১

আপডেট : ০৬ আগস্ট ২০১৫, ১৯:২৭
চট্টগ্রাম নগরীর সাগরিকা এলাকায় একটি পাকা গুদামঘরের ছাদসহ দেয়াল ধসে এক ব্যক্তি নিহত হয়েছেন। অপর একজন গুরুতর আহত হয়েছেন।
 
বৃহস্পতিবার বিকাল চারটায় এ ঘটনা ঘটে। নিহত মজু মিয়া ওই গুদামের নিরাপত্তা কর্মী ছিলেন। আহত শুক্কুর চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
 
পাহাড়তলী থানা জানায়, সাগরিকা শিল্প এলাকার সী মার্ক নামের একটি প্রতিষ্ঠানের বিপরীত পাশে ওই পাকা গুদামঘর ভাঙার কাজ চলছিল। বিকাল চারটা ১০ মিনিটে গুদাম ভবনটির ছাদ বিকট শব্দে পাশ্ববর্তী দেয়ালসহ ধসে পড়ে। তাৎক্ষণিক মজু মিয়া ও শুক্কুরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মজু মিয়াকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
 
ফায়ার সার্ভিসের সদস্যরা ধ্বংসস্তূপে অনুসন্ধান অব্যাহত রেখেছে।  
 
স্থানীয়দের আশঙ্কা, ধসে পড়া ধ্বংসস্তূপের নিচে আরো শ্রমিক চাপা পড়ে আছে।
 
চমেক মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জহিরুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।