সিংহ নদের বিপন্ন দশা

আপডেট : ০৫ মার্চ ২০১৯, ২১:৪৬

 

ঢাকার কেরানীগঞ্জ উপজেলার মধ্য দিয়ে বয়ে চলা সিংহ নদ দখলের কারণে অস্তিত্ব সংকটে ভুগছে। নদটি মূলত ধলেশ্বরী নদীর একটি শাখা। বুড়িগঙ্গা নদী থেকে উত্পত্তি হয়ে নদটি বুড়িগঙ্গা আর একটি শাখা ধলেশ্বরী নদীতে মিশেছে। কেরানীগঞ্জবাসীর কাছে এটি সিংহ নদ নামেই পরিচিত। একসময় এই নদ দিয়ে বুড়িগঙ্গা ও ধলেশ্বরী নদীতে খেয়ানৌকা ও ট্রলার চলাচল করত। এই নৌপথে ট্রলারে করে পণ্য পরিবহন করতেন দক্ষিণাঞ্চলের ব্যবসায়ীরা। কিন্তু সেসব এখন অনেক দূরের অতীত। কেরানীগঞ্জের জাজিরা, ঘোষকান্দা, আবদুল্লাহপুর, রাজাবাড়ী,  বোয়ালখালী, রামেরকান্দা, বেলনা, আকছাইল, কলাতিয়া দিয়ে বয়ে যাওয়া সিংহ নদের এখন বিপন্ন দশা। সিংহ নদের যেদিকে তাকানো যায় শুধু দখল আর দখল। নদের জমি দখল করে কোথাও তৈরি করা হয়েছে বহুতল মার্কেট, জাল ও নকল কাগজপত্র তৈরি করে কোথাও তৈরি করা হয়েছে দোকানপাট, বসতবাড়ি। কোথাও নদের তীরের জমি দখল করে গড়ে তোলা হয়েছে ইটভাটা।

নানামুখী প্রভাব খাটিয়ে এখনও সিংহ নদ দখল করা হচ্ছে। নদের কোথাও কোথাও ময়লা-আবর্জনা ফেলে নদের তীর ভরাট করা হচ্ছে! আবার আশেপাশের বাড়ির শৌচাগারের সংযোগ দেওয়া হয়েছে নদের সঙ্গে। দখলের পর বর্তমানে নদের যে অংশটি এখন অবশিষ্ট আছে তাও কচুরিপানায় ভরা। এই নদ দিয়ে নৌকা চলার আর কোনো সুযোগ নেই। এককথায়, নদটি খালে পরিণত করা হয়েছে। কেরানীগঞ্জের পানি নিষ্কাশনের অন্যতম মাধ্যম এই নদ রক্ষা করতে না পারলে কেরানীগঞ্জের বাসিন্দাদের ভবিষ্যতে জলাবদ্ধতাসহ নানা সমস্যায় পড়তে হবে। মাঝেমধ্যে নয়, নদের দখল ঠেকাতে সবসময় নজরদারি রাখতে হবে। সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে হবে। নদের পাড়ের মানুষের মধ্যে নদের গুরুত্ব বোঝানোসহ নদের দুই পাশে কাঁটাতারের বেড়া বা সীমানা প্রাচীর  দেওয়া গেলে সিংহ নদ রক্ষা পাবে।

সাধন সরকার

ছাত্র, ভূগোল ও পরিবেশ বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা