চট্টগ্রামে গুদাম ধস, একজন নিহত

আপডেট : ০৭ আগস্ট ২০১৫, ০১:২৮

নগরীর সাগরিকা এলাকায় একটি পাকা গুদামের ছাদসহ দেয়াল ধসে পড়লে গুদামের দারোয়ান মজু মিয়া নিহত ও অপর এক জন গুরুতর আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত আবদুর শুক্কুর চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুর  সঙ্গে পাঞ্জা লড়ছে।

 
পাহাড়তলী থানা জানায়, সাগরিকা শিল্প এলাকার সি মার্ক নামের একটি প্রতিষ্ঠানের বিপরীত পাশে একটি গুদাম ভাঙার কাজ চলছিল। বিকাল ৪টা ১০ মিনিটে গোডাউনটির ছাদ বিকট শব্দে পাশ্ববর্তী দেয়ালসহ ধসে পড়ে। তাত্ক্ষণিকভাবে মজু মিয়া ও শুক্কুরকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মজু মিয়াকে চিকিত্সকরা মৃত বলে ঘোষণা করেন।
 

মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জহিরুল ইসলাম ইত্তেফাককে জানান, সাগরিকা এলাকা থেকে যে দু’জনকে আনা হয়েছে তাদের একজন মারা গেছে। আরেকজনের অবস্থা আশংকাজনক। স্থানীয় জনসাধারণ আশংকা করছেন ধসে পড়া ধ্বংসস্তূপের নিচে আরো শ্রমিক চাপা পড়ে থাকতে পারে। ফায়ার সার্ভিসের সদস্যরা ধ্বংসস্তূপে অনুসন্ধান অব্যাহত রেখেছে।