স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, পদোন্নতি প্রাপ্ত চিকিত্সকরা যথাসময়ে কর্মস্থলে যোগদান না করলে তাদের পদোন্নতি বাতিলের পাশাপাশি শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাপসাতালে হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা এবং মেনিনজাইটিস এবং ইনফ্লুয়েঞ্জার টিকা নিয়ে স্বাস্থ্য সনদ সংগ্রহ কার্যক্রম সরেজমিন পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
প্রসঙ্গত, বুধবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ৩৪৬ জন চিকিত্সককে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি দিয়েছে। তাদের মধ্যে ২১৪ জনকে ঢাকার বাইরে বিভিন্ন সরকারি মেডিক্যাল কলেজে পদায়ন করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পৌঁছে প্রথমে স্বাস্থ্য সনদ সংগ্রহে সারিবদ্ধভাবে দাঁড়ানো হজযাত্রীদের সাথে কথা বলেন। স্বাস্থ্য সনদ পেতে যে কয়টি ধাপ অনুসরণ করতে হচ্ছে হজযাত্রীদের তার প্রত্যেকটি জায়গায় যান মন্ত্রী। এই স্বাস্থ্য সনদ নিয়েই হজযাত্রীদের হজে যেতে হবে।
পরে মন্ত্রী সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, হাজীরা যাতে নির্বিঘ্নে ও সুষ্ঠুভাবে হজ পালন করতে পারেন তার সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে সরকার। বাংলাদেশীি হাজীদের চিকিত্সার সুবিধার্থে সৌদি আরবে মেডিক্যাল টিম পাঠাবে স্বাস্থ্য মন্ত্রণালয়। গত ৫ আগস্ট থেকে হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চলছে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা ক্যান্টনমেন্টের কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, রাজধানীর মুগদার ৫শ’ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল, ফুলবাড়িয়ার সরকারি কর্মচারী হাসপাতাল ছাড়াও বাংলাদেশ সচিবালয়ের ক্লিনিকে ঢাকা জেলা ও ঢাকা মহানগরীর হজযাত্রীদের স্বাস্থ্যপরীক্ষা করা হচ্ছে। এছাড়া বিভাগীয় শহরে অবস্থিত সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতাল ও জেলা শহরে সংশ্লিষ্ট সিভিল সার্জনের কার্যালয়ে রাজধানীর বাইরের হজযাত্রীরা স্বাস্থ্য পরীক্ষা গ্রহণ করতে পারছেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিত্সকদের কর্মস্থলে অনুপস্থিতি বরদাশত করা হবে না। কারো বিরুদ্ধে অভিযোগ পেলে তাত্ক্ষণিক ব্যবস্থা নেয়া হবে। এ সময়ে অন্যান্যের মধ্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নুরুল হক, ডা. সামিউল হক সাদি প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৩ আগস্ট আশকোনাস্থ হাজী ক্যাম্পে চলতি বছরের হজ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। তিনি হজযাত্রীদের সাথে কুশলবিনিময় করবেন। চলতি বছর হজযাত্রীদের নিয়ে বাংলাদেশ থেকে প্রথম ফ্লাইটটি যাত্রা করবে আগামী ১৬ আগস্ট। সকাল ৮টা ৩৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম হজ ফ্লাইট (বিজি-১০১১) ৪১৯ জন সরকারি হজযাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশে ঢাকা ত্যাগ করবে। সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২২ সেপ্টেম্বর (৯ যিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। ১৬ আগস্ট থেকে আগামী ১৮ সেপ্টেম্বর পর্যন্ত হজ ফ্লাইট চলবে। আগামী ২৭ সেপ্টেম্বর থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়ে তা ২৮ অক্টোবর পর্যন্ত চলবে। চলতি বছর সরকারি-বেসরকারি মিলিয়ে মোট ১ লাখ ১ হাজার ৭৫৮ জন হজ পালন করতে সৌদি আরব যাবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ৭৫৪ জন এবং বেসরকারিভাবে ৯৯ হাজার ৪ জন হজযাত্রী যাবেন।
জাতি সব সংকট অতিক্রম করেছে
সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সুযোগসন্ধানী, বিতর্কিত এবং মতলববাজদের আওয়ামী লীগে ঠাঁই হবে না। জাতির পিতা বঙ্গবন্ধুর হাতে গড়া আওয়ামী লীগ একটি বিশাল পরিবার। এ পরিবারের অভিভাবক হচ্ছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পঁচাত্তরের পর তাঁরই নেতৃত্বে ঐতিহ্যবাহী দল হিসেবে গণতন্ত্রের অভিযাত্রায় জাতি যে কোন সংকট অতিক্রম করেছে। এ জন্য গণতন্ত্র রক্ষায়, দেশের উন্নয়নে বার বার আওয়ামী লীগ সফল হয়েছে। তাই দলকে বড় করার নামে অনুপ্রবেশকারীদের কোন সুযোগ করে দেয়া যাবে না। দলের দরজা সুযোগ সন্ধানী, বিতর্কিত এবং মতলববাজদের জন্য খোলা রাখা যাবে না। অনুপ্রবেশকারীদের দলে দরকার নেই উল্লেখ করে তিনি বলেন, দলের সংকট এবং দুঃসময়ে তাদের খুঁজে পাওয়া যাবে না।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার সোনামুখীর স্থলবাড়ি গ্রামে ৩৫০ পরিবারের মধ্যে বিদ্যুত্ সংযোগ প্রদান উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, গ্রামের মানুষ এখন আর না খেয়ে থাকে না, শিশু মৃত্যু, মাতৃ মৃত্যুর হার কমেছে। তারা খাদ্য ও রাস্তাঘাটের চেয়ে বেশি বেশি বিদ্যুত্ চায়। এ জন্য বর্তমান সরকার মানুষের বিদ্যুতের চাহিদা মেটাতে নিজস্ব উত্পাদন ছাড়াও বিদেশ থেকে বিদ্যুত্ এনে তা সরবরাহ করছে। বিশ্ববাসীর কাছে শেখ হাসিনার নেতৃত্ব প্রশংসিত হয়েছে।
কাজীপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের স্থলবাড়ি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, পল্লী বিদ্যুতের সিনিয়র জিএম প্রকৌশলী তুষার কান্তি দেবনাথ, জিএম আজাহার আলী ও ডিজিএম সুলতান নাসিমুল হক প্রমুখ