বগুড়ায় যুবলীগের বহিষ্কৃত নেতাসহ পাঁচজন গ্রেফতার

আপডেট : ০৭ আগস্ট ২০১৫, ০২:২১

জেলা গোয়েন্দা পুলিশ পৃথক অভিযানে যুবলীগের বহিষ্কৃত নেতাসহ পাঁচজনকে গ্রেফতার করেছে। এদের মধ্যে ওমর খৈয়াম রোপন ওরফে হাতকাটা রোপনকে গত বুধবার রাতে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। তিনি বগুড়া পৌরসভার ৩নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক থাকলেও ছাত্রলীগ নেতা সাখাওয়াত হোসেন জুয়েলকে হত্যার অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

 
এদিকে গোয়েন্দা পুলিশের অন্য একটি দল পৃথক অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ আরও চার সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। এসময় তাদের কাছ থেকে একটি রাম দা, ২টি চাপাতি ও ২টি চাকুসহ ওই চারজনকে গ্রেফতার করে।
 
পুলিশ জানায়, জেলা গোয়েন্দা পুলিশের একটি দল মহিষবাথান গ্রামে রোপনের গরুর খামার থেকে গত বুধবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এসময় খামারে তল্লাশী করে ৭.৬৫ বোরের একটি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৮ রাউন্ড তাজা গুলি উদ্ধার করে পুলিশ।
 

গতকাল বৃহস্পতিবার পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আসাদুজ্জামান জানান, গ্রেফতারকৃত ওমর খৈয়াম রোপনের বিরুদ্ধে ২০১০ সালে সাবেক ছাত্রলীগ নেতা সাখাওয়াত হোসেন জুয়েলসহ একাধিক হত্যা ও চাঁদাবাজী মামলা রয়েছে। অবৈধ অস্ত্র রাখার দায়েও তার বিরুদ্ধে সদর থানায় মামলা করা হয়েছে।