পাংশায় 'বন্দুকযুদ্ধে' নিহত ১

আপডেট : ০৭ আগস্ট ২০১৫, ০৯:০৭


রাজবাড়ীর পাংশায় পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' আব্দুস সোবহান (৪৯) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে  উপজেলার মাছপাড়া ইউনিয়নে এই 'বন্দুকযুদ্ধে'র ঘটনা ঘটে।

 

নিহত আব্দুস সোবহান উপজেলার রামকোল ইউরিয়নের লক্ষনদিয়া গ্রামের সুজাতুল্লাহ খান ওরফে সানাউল্লাহ ওরফে সোনাই -এর ছেলে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত ১০টার দিকে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মাছপাড়া ইউনিয়নের বুরোলিয়া গ্রাম থেকে একটি বিদেশি রিভালভার ও তিন রাউন্ড গুলিসহ 'ডাকাত সরদার আব্দুস সোবহান'কে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোবহান তার নিকট আরো অস্ত্র আছে বলে জানায়। তার দেওয়া তথ্য অনুযায়ী রাত ২ টার দিকে বুরোলিয়ায় আক্তার মাস্টারের আমবাগানে নিয়ে গেলে সেখান থেকে ১টি শুটার গান ও ৫ রাউন্ড গুলি উদ্ধার শেষে ফেরার পথে তার সহযোগীরা তাকে ছিনিয়ে নেওয়ার জন্য গুলিবর্ষণ শুরু করে। পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যয়ে আব্দুস সোবহান পালিয়ে যাবার চেষ্টাকালে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলের নিহত হন। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে সন্ত্রাসীদের ফেলে যাওয়া একটি ওয়ান শুটারগান ও ৬ রাউন্ড গুলির খোসা উদ্ধার করে।

পাংশা থানার অফিসার ইনচার্জ আবু শামা মোঃ ইকবাল হায়াত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আব্দুস সোবাহানের বিরুদ্ধে ২টি ডাকাতি, ২টি অস্ত্র, ১টি হত্যা ও একটি হত্যার উদ্দেশ্যে আহত করার মামলা রয়েছে।