বিমানের নিরাপত্তা

আপডেট : ০৫ মার্চ ২০১৯, ২১:৪৯

১৯৭২ সালে প্রতিষ্ঠিত ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্স’ বাংলাদেশের একমাত্র বেসামরিক সরকারি এয়ারলাইন্স। দীর্ঘদিন  পরে হলেও সবেমাত্র যাত্রীদের নিরাপত্তা দেওয়ার দিক দিয়ে পাঁচ তারকা পেয়ে বিশ্বের সেফটি এয়ারলাইন্স তালিকায় জায়গা করে নিতে সমর্থ হয়েছে। কিন্তু সম্প্রতি বাংলাদেশ বিমানের একটি আন্তর্জাতিক ফ্লাইট ছিনতাই চেষ্টার ঘটনায় আমাদের বেসামরিক বিমান পরিবহনব্যবস্থার চরম নিরাপত্তা ঝুঁকির বিষয়টি আবারও নতুন করে সবাইকে ভাবিয়ে তুলেছে।

বাংলাদেশ বিমানের উন্নয়নকল্পে বিভিন্ন সরকারের আমলে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়, কিন্তু অবস্থার তেমন উন্নতি হয়নি। এক সময় এই সংস্থাটির পুরো মালিকানাই ছিল বাংলাদেশ সরকারের। সর্বশেষ ২০০৭ সালে বিমানকে পাবলিক লিমিটেড কোম্পানিতে পরিণত করা হয়। তবে মাঝেমধ্যে কিছু উন্নয়ন ও সম্প্রসারণ হলেও এর অদক্ষ ব্যবস্থাপনা, দুর্নীতি এবং অনাকাঙ্ক্ষিত রাজনৈতিক হস্তক্ষেপের কারণে সকল পদক্ষেপই ব্যর্থ হয়ে যায়। কর্তাব্যক্তিদের দায়িত্ব পালনে চরম অবহেলাই বিমানের নিরাপত্তা ঝুঁকি যেমন বাড়াচ্ছে তেমনি সাম্প্রতিক বিমান ছিনতাই ঘটনাটিও একই কারণে ঘটেছে। কাজেই বিমানের আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ উভয় ক্ষেত্রেই সুষ্ঠু ব্যবস্থাপনা ফিরিয়ে আনতে হবে। দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং একইসঙ্গে বিমানের কর্মকর্তা-কর্মচারীদের জবাবদিহিতার মধ্যে আনতে হবে।

বিপ্লব বিশ্বাস

ফরিদপুর