নোয়াখালীতে বাস-অটোরিকশা সংঘর্ষে ২ হিজড়ার মৃত্যু

আপডেট : ০৭ আগস্ট ২০১৫, ১১:৫৭



নোয়াখালীর চৌমুহনীতে যাত্রীবাহী একটি বাস ও সিএনজিচালিত একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নুপুর (২৫) ও মাধবী (২৬) নামে দুইজন হিজড়ার মৃত্যু হয়েছে। এ সময় আপর একজন হিজড়া লাইলী (২৮) ও অটোরিকশা চালক হুমায়ূন কবির মিন্টু (২৫) আহত হয়েছেন।

শুক্রবার সকাল ১০ টার দিকে বেগমগঞ্জ উপজেলার লক্ষ্মী-নারায়ণপুর এলাকার দোকানঘর নামক স্থানে চৌমুহনী-ফেনী আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে উপজেলার লক্ষ্মী-নারায়ণপুর এলাকার দোকানঘর নামক স্থানে ফেনী থেকে সোনাপুরগামী সুগন্ধা পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই ঐ দুইজন নিহত হন। এ সময় অটোরিকশা চালকসহ দুইজন আহত হন।

আহতদের মধ্যে মিন্টুকে চৌমুহনী পূর্ববাজারস্থ লাইফ কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং লাইলীকে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

বেগমগঞ্জ মডেল থানার ওসি গোলাম ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।