আগামী ২ সপ্তাহের মধ্যেই দাতাগোষ্ঠীর সঙ্গে চুক্তির বিষয়ে আশাবাদী গ্রিস। আগস্টের ২০ তারিখের মধ্যে ইউরোপের কেন্দ্রীয় ব্যাংকের পাওনা সাড়ে ৩ হাজার কোটি ইউরো পরিশোধ করতে হবে গ্রিসকে। তাই এর মধ্যেই দাতাগোষ্ঠীর কাছ থেকে ৮ হাজার ৬শ কোটি ইউরো ঋণ পাওয়ার বিষয়টি নিশ্চিত হতে হবে। অবশ্য চুক্তির জন্য দাতাগোষ্ঠীর কথামতো গ্রিস সরকার কাজ করছে বলে গণমাধ্যমগুলো জানায়। খবর এনডিটিভির।
নতুন করে ঋণ পেতে জনগণের মতের বিপক্ষে যেয়ে ব্যয় সংকোচনের শর্ত মানার বিনিময়ে দাতাগোষ্ঠীর মন জয় করেছিলো গ্রিক সরকার। কিন্তু আনুষ্ঠানিকভাবে এখনও চুক্তি স্বাক্ষর হয়নি দু'পক্ষের মধ্যে।
গ্রিক সরকারের মুখপাত্র ওলগা জারোভাসিলি বলেন, আমাদের লক্ষ্য ১৮ই আগস্ট। কারণ ২০ আগস্টের মধ্যে আমাদেরকেও পাওনাদারদের অর্থ পরিশোধ করতে হবে। তবে চুক্তির ব্যাপারে আমরা আশাবাদী। কারণ আমরা তাদের সব শর্তই মেনে নিয়েছি।
অন্যদিকে জুলাই মাস থেকে প্রায় ৫ সপ্তাহ বন্ধ থাকার পর গত সোমবার শুরু হয়েছে দেশটির শেয়ারবাজারের লেনদেন কার্যক্রম। তৃতীয় দফায় অর্থ সহায়তা পেলে, এ খাত বিনিয়োগের নতুন ক্ষেত্র হিসেবে বিনিয়োগকারীদের কাছে জনপ্রিয় হবে বলে আশা প্রকাশ করেছে বাজার বিশ্লেষকরা।
বাজার বিশ্লেষক ইলানি প্যানাগিওতারেয়া বলেন, নতুন করে চুক্তি হওয়ার খবরে সবার মধ্যে আশা ফিরে এসেছে। বিনিয়োগকারীদের মধ্যে উৎসাহ ফিরে এসেছে। আর গ্রিস যেহেতু ইউরোজোনেই থাকছে সেক্ষেত্রে বিদেশি বিনিয়োগকারীদের এখানে বিনিয়োগের সুযোগ সৃষ্টি হয়েছে।
