রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে অজ্ঞাত পরিচয় (৩৫) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের পশ্চিম পাড়ার একটি কোয়ার্টারের পেছন থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তারিকুল হাসান জানান, আজ সকালে ঐ কোয়ার্টারের দারোয়ান ভবনের পেছনে একজনকে পড়ে থাকতে দেখে আবাসিক শিক্ষকদের জানান। তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে ঘটনাস্থালে গিয়ে দেখা যায়, হাতে লালটেপ জড়ানো পুরাতন হ্যাকজা ব্লেড ও বৈদ্যুতিক তারসহ একজন পড়ে আছেন। পরে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের দায়িত্বরত ডাক্তার ঘটনাস্থলে গিয়ে তাকে নিহত বলে নিশ্চিত করেন।
লাশটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল (রামেক) মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঐ কোয়ার্টারটির পিছনে তামার বৈদ্যুতিক তার চুরি করতে এসে ওই ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয়েছেন।
মতিহার থানার ওসি হুমায়ন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
