হেফাজত নেতা মুফতি ইজাহার গ্রেফতার

আপডেট : ০৭ আগস্ট ২০১৫, ১৬:৪১
 
হেফাজতে ইসলামের নায়েবে আমির মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে লালখান বাজারের জামেয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। খুলসী থানার ওসি নিজামউদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন। মুফতি ইজাহার চট্টগ্রামের লালখানবাজার মাদ্রাসায় বিস্ফোরণ মামলার আসামি।
 
হেফাজত নেতা মুফতি ইজাহার নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি। তার পরিচালিত লালখানবাজার মাদ্রাসার ছাত্রবাসে ২০১৩ সালের ৭ অক্টোবর বোমা বানানোর সময় বিস্ফোরণে তিনজন নিহত হন। পরে সেখানে অভিযান চালিয়ে চারটি গ্রেনেড ও পিকরিক এসিডসহ বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করে পুলিশ।
 
ঐ ঘটনায় পুলিশ নগরীর খুলশী থানায় হত্যা, বিস্ফোরক ও এসিড আইনে তিনটি মামলা করে। মামলাগুলোতে ইজাহার ও তার ছেলে হারুনকে আসামি করা হয়।