মুন্সীগঞ্জের শ্রীনগরে খাদে ডুবে যাওয়া বাসটি উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় দুই যাত্রী নিহত ও ২০ জন আহত হয়েছেন। শুক্রবার বেলা সোয়া একটার দিকে উপজেলার ষোলঘর বটতলায় এই দুর্ঘটনা ঘটে। তাত্ক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
জানা গেছে, দুপুরে আরাম পরিবহনের বাসটি ঢাকা থেকে দোহার যাওয়ার পথে ঢাকা-মাওয়া মহাসড়কের বটতলা নাম স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে পানিতে ডুবে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে বিকাল সোয়া চারটার দিকে বাসটি উদ্ধার করে। এসময় বাসের ভেতর থেকে এক পুরুষ যাত্রীর লাশ উদ্ধার করা হয়। এছাড়া আহত আরেক পুরুষযাত্রী চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন। অন্যান্যদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
হাসাড়া হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ সাজেন্ট মো. হাসান জানান, তাত্ক্ষণিকভাবে স্থানীয়রা উদ্ধার তত্পরতা চারায়। পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল যোগ দেয়।
এদিকে দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধারে সময় ক্ষেপণ হওয়ার প্রতিবাদে বেলা তিনটা থেকে মহাসড়কে স্থানীয় লোকজন রাস্তায় অবস্থান নেয়। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। বাসটি উদ্ধারের পর যানচল স্বাভাবিক হয়ে যায়।
