ইত্তেফাক রিপোর্ট
জুলিয়ান বম এঁকেছেন তীর ধনুক নিয়ে শিকারের ছবি। অরুণ কান্তি তঞ্চঙ্গ্যা এঁকেছেন মেয়েদের ঘরের কাজ করবার ছবি। জ্ঞান জ্যোতি চাকমা, আতিয়া মাইবমদের ছবিতেও ক্ষুদ্র জাতিসত্তার জীবনের বিভিন্ন দিক উঠে এসেছে। শিল্পকলা একাডেমির আয়োজনে জাতীয় চিত্রশালার ১ নম্বর গ্যালারিতে শুরু হয়েছে ‘চিত্রকলায় ৫০টি ক্ষুদ্র জাতিসত্তার সাংস্কৃতিক জীবনচিত্র’ শীর্ষক প্রদর্শনী। এ প্রদর্শনীতে ক্ষুদ্র জাতিসত্তার শিল্পীরা আঁকলেন তাদের জীবন, সংস্কৃতি ও ঐতিহ্য। বাংলাদেশের ক্ষুদ্র জাতিসত্তার অধিবাসীরা প্রকৃতিঘনিষ্ঠ জীবনযাপন করেন। ক্যানভাসেও উঠে এসেছে প্রকৃতির সেই উজ্জ্বলতা। উজ্জ্বল রঙে উঠে এসেছে তাদের মাটিঘনিষ্ঠ জীবনযাপন। প্রদর্শনীতে ৫০ জন ক্ষুদ্র জাতিসত্তার শিল্পীর তুলিতে ৫০টি ক্ষুদ্র জাতিসত্তার সাংস্কৃতিক জীবনের উপরে ১৫০টি চিত্রকর্ম স্থান পেয়েছে।
বাংলাদেশ বৈচিত্র্যপূর্ণ কৃষ্টি ও সংস্কৃতির এক অনুপম লীলাভূমি। আমাদের রয়েছে হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্য ও উত্তরাধিকার। ক্ষুদ্র জাতিসত্তার আচার অনুশীলন, জীবনচিত্র ও বিভিন্ন সুকুমার বৃত্তি আমাদের সংস্কৃতির তাত্পর্যপূর্ণ অংশ। বাংলাদেশে প্রায় ৫০টি ক্ষুদ্র জাতিসত্তার বসবাস রয়েছে। সে সব জাতিগোষ্ঠীর অধিকাংশেরই নিজস্ব ভাষা ও সংস্কৃতি রয়েছে। পরিচর্যা ও সংরক্ষণের অভাবে তাদের ভাষা ও সাংস্কৃতিক অনুষঙ্গগুলো আজ যথাযথভাবে বিকশিত হচ্ছে না। সেগুলো সংগ্রহ করে চিত্রশিল্পে উপস্থাপনের জন্য শিল্পকলা একাডেমির এ আয়োজন।
প্রদর্শনীর উদ্বোধন করেন সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ নিজামউদ্দিন। একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আদিবাসী ফেডারেশনের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং এবং প্রদর্শনীর প্রধান সমন্বয়কারী শিল্পী কনক চাঁপা চাকমা। এ বছরের ২১ থেকে ২৩ জুলাই শিল্পকলা একাডেমি থেকে ৫০ জন শিল্পী কয়েকটি ভাগে বিভক্ত হয়ে দেশের বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী অঞ্চল পরিদর্শন করে। তারা বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তার তথ্য-উপাত্ত, স্থিরচিত্র এবং ক্ষেত্রবিশেষ স্কেচ তৈরি করেছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী জাতিসত্তার অঞ্চল পরিদর্শন ও কার্যক্রমের ধারাবাহিকতায় ২-৪ আগস্ট ২০১৮ একাডেমির জাতীয় চিত্রশালা প্লাজায় তিন দিনব্যাপী আর্ট ক্যাম্প ২০১৮ অনুষ্ঠিত হয়েছে। সেই আর্ট ক্যাম্পের ছবিগুলো নিয়ে আয়োজন করা হয়েছে প্রদর্শনীর। চলবে ১৫ মার্চ পর্যন্ত।
