শিশু রাকিব হত্যায় সমপৃক্ত থাকার কথা স্বীকার

আপডেট : ০৭ আগস্ট ২০১৫, ২১:৫৪
 
খুলনায় শিশু রাকিব হত্যা মামলার অন্যতম আসামি বিউটি বেগম (৪৮) আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। শুক্রবার বিকাল ৩টার দিকে তিনি খুলনা মহানগর হাকিম আয়শা আক্তার মৌসুমীর আদালতে এই জবানবন্দি প্রদান করেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকুমার বিশ্বাস এ তথ্য জানান। তবে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বিউটি বেগম কী তথ্য দিয়েছেন, কাগজপত্র হাতে না পাওয়া পর্যন্ত তা বিস্তারিত জানানো সম্ভব নয় বলে তিনি জানান।
 
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ডেপুটি কমিশনার মো. জাহাঙ্গীর হোসেন  ইত্তেফাককে জানান, দ্বিতীয় দিনের জিজ্ঞাসাবাদে বিউটি বেগম হত্যাকাণ্ডে নিজের সমপৃক্ত থাকার কথা স্বীকার করেন। এ ছাড়া হত্যাকাণ্ড সম্পর্কে তিনি গুরুত্বপূর্ণ অনেক তথ্য দেন। তবে মামলার তদন্তের স্বার্থে তিনি বিস্তারিত তথ্য জানাতে অপরাগতা প্রকাশ করেন।
 
উল্লেখ্য, গত ৩ আগস্ট বিকালে মোটরসাইকেলে হাওয়া দেয়ার কমপ্রেসার মেশিনের পাইপ পায়ুপথে ঢুকিয়ে পেটে হাওয়া দিয়ে শিশু রাকিবকে নির্মমভাবে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে নগরীর টুটপাড়া সেন্ট্রাল রোডের মোটর সাইকেল গ্যারেজ শরীফ মোটর্সের মালিক শরীফ, তার মা বিউটি বেগম এবং সহযোগী মিন্টু মিয়াকে ক্ষুব্ধ জনতা গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।