জয়পুরহাটে ট্রেনের ছাদ থেকে পড়ে একজনের মৃত্যু

আপডেট : ০৭ আগস্ট ২০১৫, ২৩:৪৩

জেলার আক্কেলপুর উপজেলায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে মোস্তাফিজুর রহমান (৩৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকাল সাড়ে ৫ টায় হলহলিয়া ব্রীজ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

আক্কেলপুর রেলষ্টেশন মাস্টার খাদিজা বেগম প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানান, নিহত মোস্তাফিজুর রহমানের বাড়ি নীলফামারী জেলার ডিমলা উপজেলার ডোমপাড়া গ্রামে। ঢাকা থেকে ছেড়ে আসা নীলসাগর আন্ত:নগর ট্রেনে বাড়ি ফিরছিলেন মোস্তাফিজুর। পথে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার হলহলিয়া ব্রীজের পাটাতনের সঙ্গে ধাক্কা খেয়ে নিচে পড়ে যান তিনি। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে প্রথমে আক্কেলপুর উপজেলা হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল হাসপাতালে নেয়ার পথে মোস্তাফিজুর মারা যায়।

আক্কেলপুর রেলওয়ে স্টেশন মাস্টার খাদিজা বেগম জানান, নিহতের মরদেহ আক্কেলপুর উপজেলা হাসপাতালে রাখা হয়েছে এবং রেলওয়ে পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।