শিশু রাকিব হত্যায় আদালতে বিউটির স্বীকারোক্তি

আপডেট : ০৮ আগস্ট ২০১৫, ০২:৫৯

খুলনায় শিশু রাকিব হত্যা মামলার অন্যতম আসামি বিউটি বেগম (৪৮) আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গতকাল শুক্রবার বিকাল ৩টার দিকে তিনি খুলনা মহানগর হাকিম আয়শা আক্তার মৌসুমীর আদালতে এই জবানবন্দি প্রদান করেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকুমার বিশ্বাস এ তথ্য জানান। তবে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বিউটি বেগম কি কি তথ্য দিয়েছে কাগজপত্র হাতে না পাওয়া পর্যন্ত তা বিস্তারিত জানানো সম্ভব নয় বলে তিনি জানান ।

 
পুলিশের একটি সূত্র জানায়, গত বৃহস্পতিবার আদালত বিউটির তিন দিনের রিমান্ড মনজুর করে। ওই দিনই তাকে খুলনা সদর থানায় এনে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। রিমান্ডের প্রথম দিন হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ত থাকার কথা বার বার এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন ঘাতক গ্যারেজ মালিক শরীফের মা বিউটি বেগম। ঘটনার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন না বলেও একাধিকবার দাবি করেন। তবে রিমান্ডের দ্বিতীয় দিন সকালে জিজ্ঞাসাবাদে মুখ খুলতে বাধ্য হন তিনি।
 
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ডেপুটি কমিশনার মো. জাহাঙ্গীর হোসেন ইত্তেফাককে জানান, দ্বিতীয় দিনের জিজ্ঞাসাবাদে বিউটি বেগম হত্যাকাণ্ডে নিজের সমপৃক্ত থাকার কথা স্বীকার করেন। এছাড়া হত্যাকাণ্ড সম্পর্কে তিনি গুরুত্বপূর্ণ অনেক তথ্য দেন। তবে মামলার তদন্তের স্বার্থে তিনি বিস্তারিত তথ্য জানাতে অপারগতা প্রকাশ করেন।
 
এদিকে মামলার অপর দুই আসামি গ্যারেজ মালিক শরীফ ও তার সহযোগী মিন্টু খান খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রিজন সেলে চিকিত্সাধীন রয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কাজী মোস্তাক আহমেদ জানান, তারা সুস্থ হলে তাদেরকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন জানানো হবে।
 

উল্লেখ্য, গত ৩ আগস্ট বিকালে মোটরসাইকেলে হাওয়া দেয়ার কমপ্রেসার মেশিনের পাইপ পায়ুপথে ঢুকিয়ে পেটে হাওয়া দিয়ে শিশু রাকিবকে নির্মমভাবে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে নগরীর টুটপাড়া সেন্ট্রাল রোডের মোটর সাইকেল গ্যারেজ শরীফ মোটর্সের মালিক শরীফ, তার মা বিউটি বেগম এবং সহযোগী মিন্টু মিয়াকে ক্ষুব্ধ জনতা গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় জড়িতদের ফাঁসির দাবিতে আন্দোলন অব্যাহত রয়েছে।