সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগারের ৬৯টি হাড়সহ ২ যুবককে গ্রেফতার করেছে খুলনা সদর থানা পুলিশ। নগরীর নতুন বাজার লঞ্চ ঘাট থেকে গতকাল শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— কয়রা উপজেলার সুন্দরবন সংলগ্ন গিলাবাড়ী গ্রামের আকরাম সরদারের ছেলে এনায়েত হোসেন (২২) এবং একই গ্রামের সালাম সানার ছেলে বাবু হোসেন (১৮)।
খুলনা সদর থানার এসআই দেবাশীষ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবন থেকে আসা একটি ট্রলার নতুন বাজার এলাকায় এলে অভিযান চালানো হয়। এ সময় এনায়েত হোসেন ও বাবু হোসেনের কাছে থাকা একটি প্লাস্টিকের বাক্স থেকে বাঘের ছোট-বড় ৬৯টি হাড় উদ্ধার করা হয়। এ ঘটনায় খুলনা সদর থানায় মামলা হয়েছে।
