ধর্মান্ধ-কুসংস্কারের প্রতিবাদ ‘মিছে কোলাহল’

আপডেট : ০৮ আগস্ট ২০১৫, ১২:৫৬
গোলাম সারওয়ার হারুন। প্রবাসে সাংস্কৃতিক অঙ্গণের প্রতিটি ধাপে রয়েছে যার খ্যাতি ও সুনাম। মঞ্চে যেমন ভাল গান গাইতে পারেন, তেমনি অভিনয়েও দারুণ পারদর্শী তিনি। গতানুগতিক ধারার বাইরে তাকে গান-নাটকের মানুষ বললে ভুল হবে না। অন্যায়ের প্রতিবাদ করেন নিজের অবস্থান থেকে। ধর্মান্ধতা, মৌলবাদ, কূপমণ্ডুকতা পেয়ে বসেছে গোটা সমাজ-রাজনীতিকে, তারও প্রতিবাদ জানাতে তিনি বেছে নিয়েছেন গান-নাটককে। 
 
স্থানীয় সময় শুক্রবার নিউইয়র্কে ম্যানহাটনে মার্কিন মূলধারায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পাঁচটি নাটকের সংকলনে তৈরি ‘মিছে কোলাহল’ মঞ্চস্থ করার মধ্য দিয়ে গোলাম সারওয়ার হারুন যেন আরেকবার প্রতিবাদ জানালেন।
 
রবীন্দ্রনাথের অচলায়তন, ডাকঘর, রক্তকরবী, বিসর্জন ও মুক্তধারা নাটকের অংশ বিশেষ নিয়ে গোলাম সারওয়ার হারুন তৈরি করেছেন ‘মিছে কোলাহল’। শুক্রবার সন্ধ্যায় নিউইয়র্কের ৩৮০ ব্রডওয়ের এক্সেস থিয়েটার হলে চতুর্থবারের মত মঞ্চস্থ হলো এই কোলাজ নাটকটি। এটির প্রযোজক ছিল এপিক অ্যাক্টরস ওয়ার্কশপ। নাটকটিতে অসাধারণ অভিনয় করেছেন নাট্যশিল্পীরা। 
 
পাঁচটি ভিন্ন নাটক থেকে তৈরি হলেও শুরু থেকে শেষ পর্যন্ত বোঝার উপায় ছিল না এটি সংকলিত। তবে একটি শব্দও বাইরে থেকে নয় বলে জানালেন গোলাম সারওয়ার হারুন। এই অসাধারণ নির্মাণশৈলীর জন্য তিনি মার্কিন মূলধারায় নিজের অবস্থানকে আরও কয়েকধাপ এগিয়ে নিয়ে গেলেন। যদিও গোলাম সারওয়ার হারুনের অভিজ্ঞতার ঝুলি অনেক দীর্ঘ। মূলধারায় কম করে হলেও ২০টি এবং কমিউনিটিতেও সমপরিমাণ নাটক মঞ্চস্থ করেছেন তিনি। আর অভিনয় করেছেন শতাধিক নাটকে। সর্বশেষ নাটক ‘মিছে কোলাহল’ এর আগে মঞ্চস্থ হয়েছে এডিসন ভ্যালি প্লে হাউজে দু’বার এবং বিশ্বসাহিত্য কেন্দ্রের উদ্যোগে একবার।
 
গোলাম সারওয়ার হারুন এমন একসময়ে ‘মিছে কোলাহল’ মঞ্চস্থ করলেন যখন ঢাকায় ব্লগার নিলয়কে কুপিয়ে হত্যা করা হলো। খুনিরা ধর্মের নামে স্লোগান দিয়ে তাকে হত্যা করেছে। ‘মিছে কোলাহল’ নাটকে যেন সেই চিত্রটি ফুটে উঠেছে। অথচ কম করে হলেও শতবর্ষ আগের চিন্তাভাবনা থেকেই কবিগুরু রবীন্দ্রনাথ তার নাটকে ধর্মান্ধতা, কুসংস্কার, সামাজিক অনুশাসনের বিষয়গুলো তুলে এনেছিলেন। আর রবীন্দ্রনাথ ঠাকুরের পাঁচটি নাটক সংকলন করে গোলাম সারওয়ার হারুন ‘মিছে কোলাহল’-এ নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন ধর্মান্ধতা, মৌলবাদ, কুসংস্কার, সামাজিক অনুশাসনের আবর্জনা কিভাবে জমে স্তুপ হয়। সেই আবর্জনার স্তুপ দেয়াল হয়ে কিভাবে আমাদের বিচ্ছিন্ন করে। বন্দি করে ভিন্ন ভিন্ন খাঁচায়। আর সেই খাঁচাই ভাঙতে চেয়েছেন গোলাম সারওয়ার হারুন তার সংকলিত ‘মিছে কোলাহল’-এ। IMG0
 
এক্সেস থিয়েটার হলে সফল মঞ্চায়নের পর গোলাম সারওয়ার হারুন জানান, আজকের মঞ্চায়ন আমার নিজেরই ভীষণ ভাল লেগেছে। আর ভাল লাগার কারণ যে, আমি এই নাটকের মাধ্যমে বর্তমান সামাজিক প্রেক্ষাপটের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে পেরেছি। তিনি বলেন, আমি প্রতিবাদ করেছি আমার অবস্থান থেকে। অন্যদেরও যার যার অবস্থান থেকে প্রতিবাদ জানানো উচিত।
 
নাটকটিতে অভিনয় করেছেন গার্গি মুখার্জী, ইন্দ্রনীল মুখার্জী, শুভাশীষ দাস, অরিন্দম দত্ত, অভিতাভ বন্দোপাধ্যায়, বসুনিয়া সুমন, কৌশিক ভাওয়াল, মাহমুদ হোসেন দুলু, তন্দ্রা দাশ ও শ্রাবণী নন্দী। যন্ত্রশিল্পে ছিলেন খ্যাতনামা বাউল শিল্পী শফি মণ্ডল, শহীদ উদ্দিন, শফিকুল ইসলাম ও অভিক দে। 
-